আগামী নভেম্বরের শেষ দিকে দেশে ‘একটি চমৎকার নির্বাচনী পরিবেশ’ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেছেন, এবারের নির্বাচনে সব পুলিশ সদস্যকে শতভাগ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় ডিএমপি কমিশনার এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘নভেম্বরের শেষ দিকে আমরা একটি চমৎকার নির্বাচনী পরিবেশ দেখতে পাব বলে আশা করছি। এখন সবাই নির্বাচনের মুখোমুখি আছি। জনগণ ভোট দিতে চায়। দেশে অনেকেই আছেন, যাদের বয়স ৩৫ থেকে ৪০ বছর। অথচ তারা কখনো ভোট দেননি। এটা দেশের জন্য দুঃখজনক।’

রাজনৈতিকভাবে নিষিদ্ধ দলটির মিছিল ও সমাবেশ প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, ‘সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মসূচির সংখ্যা কিছুটা বেড়েছে, তবে বেশিরভাগই সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক। অনেকে নাইট কোচে এসে অল্প সময়ের জন্য ব্যানার দেখিয়ে ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দেয়। এতে মনে হয় বড় মিছিল হলো, কিন্তু বাস্তবে তেমন কিছু না। সোশ্যাল মিডিয়ার শক্তি আমরা অস্বীকার করতে পারি না, তবে এতে আতঙ্কিত হওয়ারও কিছু নেই। আমাদের সবধরনের পরিস্থিতি মোকাবেলার সামর্থ্য আছে।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশে পুলিশের প্রশিক্ষণ কার্যক্রম চলছে বলে জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, ‘সামনে নির্বাচন, পুলিশ তার দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছে। গত ১৭ বছরে বড় কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। ফলে বর্তমান কর্মরত দুই লাখ সদস্যের প্রায় অর্ধেকই এ সময়ে নিয়োগপ্রাপ্ত, যাদের অনেকেই নির্বাচনের বাস্তব অভিজ্ঞতা পাননি।’

ডিএমপি কমিশনার বলেন, ‘আমাদের অনেক সদস্যই জানে না নির্বাচনে দায়িত্ব কিভাবে পালন করতে হয়। তাই সারাদেশসহ ডিএমপিতেও প্রশিক্ষণ চলছে। সবাইকে শতভাগ নিরপেক্ষতা বজায় রাখার কথা বলা হয়েছে।’

তিনি আরো বলেন, 'এবারের নির্বাচনকে ঘিরে একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য পরিবেশ আশা করা হচ্ছে। তবে দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটি যেহেতু এবার অংশ নিচ্ছে না, তাই তারা পরিস্থিতি ঘোলাটে করতে নাশকতার চেষ্টা করতে পারে। পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে, যাতে কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড না ঘটে।’