চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরের ছয়টি টিউবওয়েলই অকেজো অবস্থায় পড়ে  রয়েছে। এতে সুপেয় পানির সংকটে ভোগান্তির শিকার হচ্ছেন রোগী ও তাদের সঙ্গে আসা স্বজন। কিন্তু এ পানি সংকট সমাধানের কোনো চেষ্টাই নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। অকেজো টিউবওয়েল কোন দপ্তর মেরামত করবে, তা নিয়ে ঠেলাঠেলি অব্যাহত রয়েছে।

রোগীর স্বজন মোহাম্মদ আলী জানান, কয়েক মাস ধরে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের ৬টি টিউবওয়েল অকেজো হয়ে পড়ে রয়েছে। এখানে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজন এবং স্থানীয়রা বিষয়টি নিয়ে একাধিকবার কর্তৃপক্ষের কাছে মৌখিকভাবে অবহিত করার পরও কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি। রোগীর স্বজনের খাবার পানি বাইরে থেকে সংগ্রহ করতে হচ্ছে। ভুক্তভোগী মোহাম্মদ আলী আরো জানান, ক’দিন আগে তার স্ত্রী অসুস্থ হলে তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্ত্রীর সঙ্গে তার শাশুড়িও সেখানে যান। সেখানে টিউবওয়েল যে নষ্ট তা তাদের জানা ছিল না। পানির কষ্টে তাদের দিনরাত কাটাতে হয়েছে। বাধ্য হয়ে ১০০ গজ দুরে মসজিদের টিউবওয়েল থেকে পানি এনে তা কাজে লাগাতে হয়েছে, যা রোগী ও তাদের স্বজনের জন্য কষ্টসাধ্য।

দামুড়হুদা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের টিউবওয়েল অকেজো হওয়ার বিষয়ে তাদের জানানো হয়নি। জানালে তাত্ক্ষণিক ব্যবস্থা নেয়া যেত।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ জানান, টিউবওয়েলগুলো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর স্থাপন করে দিয়েছিল। ওগুলো চালু হওয়ার আগেই নষ্ট হয়ে যায়। তাদেরকে মেরামতের বিষয়ে বলা হয়েছে। তারা বলেন মিস্ত্রি পাঠাব, মেরামত করে দেবে, কিন্তু এখনো মেরামত করে দেয়নি। তিনি আরো জানান, টিউবওয়েল নষ্টের বিষয়ে ভুক্তভোগী কেউ কিছু জানায়নি বা অভিযোগ করেনি। উপজেলা পরিষদের মাসিক সভায় বিষয়টি উপস্থাপন করা হবে।