মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে বিভিন্ন উপায়ে ঘাটে আসা যাত্রীরা দুর্ভোগে পড়ছেন। জরুরি সেবা, অ্যাম্বুুলেন্স ও লাশবাহী গাড়ি পারাপারের জন্য তিনটি ছোট ফেরি রাখা হয়েছে। ওইসব ফেরিগুলো এক থেকে দেড় ঘণ্টা পর পর ছেড়ে যাচ্ছে। তাতেই উঠে পড়ছেন যাত্রীরা।
গতকাল সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের দুটি স্থানে এবং পাটুরিয়া ফেরিঘাটে মোট তিন প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। মহাসড়কের দুটি স্পটে চেকপোস্টে তল্লাশি করে বিজিবি সদস্যরা জরুরি সেবা ছাড়া বাকি গাড়ি মানিকগঞ্জে ঢুকতে দিচ্ছে না। এতে ঘাটে যাত্রীবাহী ব্যক্তিগত গাড়ির চাপ কমে গেছে। তবে যাত্রীর চাপ কমেনি। প্রতি ঘণ্টায় প্রায় হাজারখানেক যাত্রী বিভিন্ন পন্থায় ঘাটে আসছে। ফেরি কর্তৃপক্ষ বলছে, জরুরি সেবার গাড়ি পারাপারের সময় যাত্রীরা ফেরিতে উঠে যাচ্ছে। তারা যাত্রী থামাতে পারছেন না।









