বরগুনার শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা
মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন
আদালত। তারা হলেন রাকিবুল হাসান রিফাত ফরাজি
(২৩),
আল কাইউম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল
ইসলাম সিফাত (১৯), রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯), মো. মুসা (২২), আয়শা
সিদ্দিকা মিন্নি (১৯), রাফিউল ইসলাম রাব্বি
(২০),
মো.
সাগর
(১৯) ও কামরুল ইসলাম সাইমুন (২১)।
গতকাল দুপুরে বরগুনার জেলা ও দায়রা জজ
মো. আছাদুজ্জামান
আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ পাঠ করে শোনান। এ সময় মিন্নিসহ নয় আসামি আদালতে
উপস্থিত ছিলেন। অন্য আসামি মো.
মুসা পলাতক রয়েছেন।
তাদের মধ্যে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত
থাকার অভিযোগে অভিযোগ গঠন করা হয়েছে সাতজনের বিরুদ্ধে। এছাড়া ৮ ও ১০ নম্বর আসামির
বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও আসামিদের পালাতে সহায়তার অভিযোগে অভিযোগ গঠন করা
হয়েছে। ৯ নম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে আসামিদের পালাতে সহায়তা করার
অভিযোগে। একই সঙ্গে এ মামলার প্রথম সাক্ষ্যগ্রহণের জন্য ৮ জানুয়ারি দিন ধার্য
করেছেন আদালত।
রিফাত হত্যা মামলার বাদীপক্ষের
আইনজীবী মজিবুল হক কিসলু বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির
বিরুদ্ধে চার্জ গঠন সম্পন্ন হয়েছে। ৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ মামলার
মোট ৩৭ আসামির সাক্ষ্যগ্রহণ করবেন আদালত।
উল্লেখ্য, গত
২৬ জুন বরগুনা সরকারি কলেজ গেটের সামনে রিফাত শরীফকে কুপিয়ে গুরুতর জখম করে
সন্ত্রাসীরা। এরপর তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তিনি
সেখানে মারা যান।









