নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম।

আজ বুধবার (২৩ অক্টোবর) দুপুরে তিনি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের কর্মস্থলে যোগ দিয়ে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, শিক্ষক শিক্ষার্থীসহ অন্যান্য কর্মকর্তারা নতুন ভিসিকে ফুলেল শুভেচ্ছা জানান।

নেত্রকোনা জেলা শহরের রাজুরবাজার কান্দুলিয়া এলাকায় ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হওয়ার পর প্রফেসর খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম তৃতীয় উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

এর আগে সরকার পরিবর্তন হওয়ার পর, গত ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক গোলাম কবীর পদত্যাগ করার পর থেকে পদটি শূন্য থেকে যায় ।

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ হারুন অর রশিদ জানান, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে প্রফেসর খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিমকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভাইস চ্যান্সেলর (উপাচার্য) হিসেবে নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে।

উল্লেখ্য, নব নিযুক্ত ভিসি খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, যুক্তরাজ্য লিডস বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেছেন।