সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের নাইমুড়ি রুয়াপাড়া সম্মিলিত কবরস্থান থেকে ১৬টি কঙ্কাল চুরি হয়ে গেছে। ফের কঙ্কাল চুরি রোধে কবরস্থানে পাহারা বসিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার বিকালে মৃত এক ব্যক্তির দাফন করতে গিয়ে বিষয়টি জানাজানি হয়। গ্রামবাসীর ধারণা, চুরি হয়ে যাওয়া কঙ্কালগুলো দুই-আড়াই বছরের মধ্যে মারা যাওয়া ব্যক্তিদের।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার বিকালে নাইমুড়ি গ্রামের মৃত এক ব্যক্তিকে কবরস্থানে দাফন করতে গেলে বেশ কয়েকটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান লোকজন। ওই খোঁড়া কবরগুলোতে কোনো কঙ্কাল পাওয়া যায়নি। পরে দাফন করতে আসা লোকজন মোট ১৬টি কবর খোঁড়া অবস্থায় দেখতে পায়। তাদের ধারণা সংঘবদ্ধ চোরেরা রাতের অন্ধকারে এসব কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে।

এ ব্যাপারে নাইমুড়ি রুয়াপাড়া কবরস্থান কমিটির সভাপতি আব্দুল মান্নান তালুকদার জানান, বিষয়টি জানার পর কবরস্থানে গিয়ে দেখি কঙ্কাল চুরি হয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক। পরবর্তী সময়ে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য রাতে কবরস্থানে পাহারার ব্যবস্থা করা হচ্ছে।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, নাইমুড়ি রুয়াপাড়া কবরস্থান থেকে কঙ্কাল চুরির খবর জেনেছেন। এর আগে ওই এলাকায় এ ধরনের ঘটনা ঘটেনি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।