সৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাতে উদ্ভূত পরিস্থিতিতে জেদ্দা বিমানবন্দরে আটকে পড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মুশফিকুর রহিম। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

এতে তিনি লেখেন, ‘‌আসসালামু আলাইকুম সবাইকে। আমি কয়েক দিন আগে ওমরাহ হজ পালনের জন্য মক্কায় এসেছি। আলহামদুলিল্লাহ, আমার হজ সম্পন্ন হয়েছে এবং আজ দুবাই হয়ে (এমিরেটস এয়ারলাইন্সে) দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম।’

জেদ্দা বিমানবন্দরে ফেরার কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘‌আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশে ইকে-০৮০৬ ফ্লাইটে রওনা হই। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট আবার জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। এখন আমি জেদ্দা বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর সঙ্গে অবস্থান করছি। একমাত্র মহান আল্লাহ তাআলাই জানেন কখন এবং কীভাবে আমি অন্যান্য বাংলাদেশীদের সঙ্গে ঢাকা পৌঁছাতে পারব। সবার কাছে দোয়া প্রার্থী।’