‎পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, খাল খনন কর্মসূচি অব্যাহত থাকলে নদী ও খাল দখল বা দূষণের হাত থেকে রক্ষা পেতো। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার খাল খননের সঙ্গে সঙ্গে দখল-দূষণমুক্ত করতে কাজ করছে।

বর্তমান সরকার দায়িত্ব নেয়ার অল্প সময়ের মধ্যে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও প্রাণ-প্রকৃতি রক্ষায় পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। তিস্তার সাথে দেশের উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য জড়িত। তিস্তা থেকে জনগণ যাতে সর্বোচ্চ সুবিধা পেতে পারে সেজন্য দেশী-বিদেশী বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলমান রয়েছে বলেও জানান তিনি।

এসময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রী যে কোনো ধরণের উন্নয়ন প্রকল্প নেওয়ার পূর্বে পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র রক্ষাকে গুরুত্ব দিতে বলেছেন।

‎বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নেতারা নদী, খাল-বিল ও জলাশয় রক্ষা এবং দখল-দূষণের হাত থেকে বাঁচাতে পানি সম্পদ মন্ত্রণালয়কে আরো কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।

সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া, বাপার সভাপতি নুর মোহাম্মদ তালুকদার, সহ সভাপতি খুশি কবির, ড. শহীদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আলমগীর কবিরও উপস্থিত ছিলেন।