দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল। বাকি ছয়জনের মধ্যে হামের উপসর্গ ছিল বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ৯৪৬ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছে। আর চলতি বছরের ১৫ মার্চ থেকে ৯ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৬৫৬ জনে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছে ৪৮৯ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬ হাজার ৯৮৯ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৯ মে পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ হাজার ৬৩১ জন। এ সময়ের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ হাজার ৭৪৬ জন।

গত ২৪ ঘণ্টায় তিনজনসহ এখন পর্যন্ত নিশ্চিত হামে মোট ৬১ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ছয়জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯১ জনে।