সড়ক দুর্ঘটনায় ছয় জেলায় ১০ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে বগুড়া, যশোর, গাজীপুর ও কিশোরগঞ্জে দুজন করে আটজন নিহত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম ও মানিকগঞ্জে আরো দুজন প্রাণ হারিয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

বগুড়া: জেলার নন্দীগ্রামে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ৩টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের শহরকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার শহরকুড়ি (টিটিগাড়ি) গ্রামের আলহাজ আব্দুল জলিলের ছেলে ইসমাইল হোসেন (৬০) ও ইদ্রিস আলী (৫৫)। তারা দুজনে নন্দীগ্রাম থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় বিআরটিসির যাত্রীবাহী একটি বাস পেছনে থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। কুন্দারহাট হাইওয়ে থানার ওসি নির্মল চন্দ্র মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

যশোর: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে অন্য ট্রাকচালক ও হেলপার নিহত হয়েছেন। গতকাল যশোরের মণিরামপুর উপজেলার পুরনো তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রাকচালক রাজু আহমেদ (৩২) ও হেলপার এরফান ওরফে মিন্টু (২৮)। তাদের দুজনের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলায়।

মণিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান জানান, যশোর থেকে সাতক্ষীরাগামী মাছবোঝাই একটি ট্রাক মণিরামপুর বাজারের তেল পাম্পের সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারায়। ওই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অন্য একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে চালক রাজু ও হেলপার এরফান ঘটনাস্থলেই মারা যান।

গাজীপুর: জেলার শ্রীপুরে পিকআপের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলচালক ও আরোহী নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেলচালক হারুন অর রশিদ (৪০) উপজেলার সিমলাপাড়া গ্রামের মো. আহমদ আলীর ছেলে এবং আরোহী জাকির হোসেন (৪৫) শিমলাপাড়া গ্রামের মো. বারেকের ছেলে। তারা দুজনই সিমলাপাড়া বাজারে ব্যবসা করতেন।

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে। পিকআপটি শনাক্তে কাজ চলছে।

কিশোরগঞ্জ: ভৈরবে বাসচাপায় অটোরিকশারচালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পান্নাউল্লাহচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামের জালাল মিয়ার ছেলে জুয়েল মিয়া (৪৫) ও ভৈরব পৌর শহরের মনমরা এলাকার আলী হোসেনের ছেলে কাইয়ুম (৩২)।

চট্টগ্রাম: জেলার সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার কুমিরা ডিএবি পেট্রল পাম্পের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রত্না চৌধুরী (৪০) সীতাকুণ্ডের বড় দারোগাহাট এলাকার বসন্ত চৌধুরীর স্ত্রী। আতরা হলেন মো. জাহেদ (২৪), গৌরাঙ্গ বিশ্বাস (৪২), শাহীনুর ইসলাম (৪২), রাশেদ (৪৫), ইরফান (৯), মনোয়ারা বেগম (৪০) ও রতন চৌধুরী (৪০)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান, সীতাকুণ্ড থেকে সড়ক দুর্ঘটনায় আহত সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন।

মানিকগঞ্জ: জেলার ঘিওরে দুই অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। গতকাল বিকালে উপজেলার বাইলজুরী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুর ইসলাম দৌলতপুর উপজেলার আবুডাঙ্গা গ্রামের জামাল শেখের ছেলে।

ঘিওর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, হতাহতদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা থানা হেফাজতে রাখা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।