ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেয়ার জন্য আহ্বান জানালে বিরোধীদলীয় জোটের সংসদ সদস্যরা প্রতিবাদ জানান। একসময় তারা নিজের আসন থেকে ওঠে সভা কক্ষ ত্যাগ করেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাষ্ট্রপতি ভাষণ দেয়ার জন্য সংসদে উপস্থিত হলে বিরোধীদলীয় জোটের সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তাদের হাতে প্রতিবাদ জানিয়ে নানা ধরনের প্ল্যাকার্ড দেখা যায়। স্পিকার সবাইকে শান্ত থাকতে আহ্বান জানান।

পরে জাতীয় সংগীত পরিবেশনের সময় বিরোধী দলের সংসদ সদস্যরা সম্মান জানিয়ে দাঁড়ালেও, তারা রাষ্ট্রপতিকে সম্মান জানাননি। বিরোধীদলীয় সংসদ সদস্যরা বলেন, আমরা জাতীয় সংগীতকে সম্মান জানাচ্ছি, রাষ্ট্রপতিকে না।

এ সময় জামায়াতের নেতৃত্বাধীন বিরোধীদলীয় সংসদ সদস্যরা ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। একপর্যায়ে বিরোধীদলীয় জোটের সংসদ সদস্যরা সভাকক্ষ ত্যাগ করেন।

এর আগে দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকারকে শপথবাক্য পাঠ করান। এদিন বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।