জনপ্রিয় ব্যান্ড মাইলসের সংগীত পরিবেশনার মধ্য দিয়ে যশোর জিলা স্কুলের দুদিনের পুনর্মিলনী শেষ হয়েছে। ‘নবীন-প্রবীণ এক প্রাণ’ স্লোগান সামনে রেখে প্রাক্তন ছাত্র সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের শেষ দিন গতকাল সকাল সাড়ে ৮টা থেকেই জড়ো হতে থাকেন জিলা স্কুলের সাবেক ও প্রাক্তন শিক্ষার্থীরা। সকাল সাড়ে ৯টার মধ্যে মিলনমেলায় পরিণত হয় স্কুলের মাঠ। অনেকেই এসেছিলেন পরিবারের সদস্যদের নিয়ে। তাদের আগমনে উৎসবে মেতে ওঠে পুরো মাঠ।
জিলা স্কুলে কাটানো স্মৃতিচারণ করে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের সহকারী অধ্যাপক হামিদুল হক বলেন, ‘বহু বছর পর বিদ্যালয়ের পরিচিত মুখগুলো একসঙ্গে পেয়েছি। ছোটবেলার সেই রঙিন দিনগুলো বারবার মনে পড়েছে। মিলনমেলা যেন আমাদের সামনে এগিয়ে চলার শক্তি আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে।’
১৯৬০ সালের ব্যাচের গোলাম ফারুক বলেন, ‘অনেক বয়স হয়ে গেছে। জানি না কতদিন আর বাঁচব। এমন আয়োজন যেন আমাকে আরো বেশি দিন বাঁচিয়ে রাখার প্রেরণা জোগাল।’
যশোর জিলা স্কুল প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি এ জেড এম সালেক জানান, তাদের মিলনমেলায় ছিল না কোনো দলাদলি। ছিল না বড়-ছোট ভেদাভেদ। সবার পরিচয় একটাই। আমরা সবাই যশোর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী।’










