আগামী অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে নবম আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৩-২০ অক্টোবর ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম ও সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বসবে এ ক্রিকেট মহারণ। ২০১৪ সালের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো নারীদের কোনো বিশ্বকাপ আয়োজন করতে চলেছে বাংলাদেশ। গতকাল ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এক জমকালো অনুষ্ঠানে ১০ দলের এ বিশ্বকাপের সূচি জানিয়ে দেয়া হলো।
বিশ্বকাপের গ্রুপিং ও সূচি ঘোষণার এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিইও জিওফ অ্যালারডাইস এবং বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা ও ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রিত কাউর।
সূচি ঘোষণার এ অনুষ্ঠানে অংশ নেয়ার কিছুক্ষণ আগেই হারমানপ্রিত কাউর ও নিগার সুলতানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী বিশ্বকাপের সাফল্যের জন্য দুই অধিনায়ককে শুভকামনা জানান। এ অনুষ্ঠান শেষে দুজন সিলেটের পথে রওনা হন। সেখানে আজ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। ‘এ’ গ্রুপে পড়েছে ছয়বারের রেকর্ড চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাছাই পর্ব খেলে আসা একটি দল। ‘বি’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশ লড়বে দক্ষিণ আফ্রিকা ছাড়াও দুই সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং বাছাই পর্বের বৈতরণী পেরিয়ে আসা একটি দল।
৩ অক্টোবর বিকালে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের। ওইদিন সন্ধ্যায় স্বাগতিক বাংলাদেশ খেলবে বাছাই পর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে। লাল-সবুজরা এরপর ৫ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে, ৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ও ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে।
গ্রুপ পর্বের খেলা শেষ হবে ১৪ অক্টোবর। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে। ১৭ অক্টোবর সিলেটে প্রথম সেমিফাইনাল ও ১৮ অক্টোবর ঢাকায় দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ২০ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে নারীদের এ ক্রীড়াযজ্ঞের।










