প্রবীণদের সমস্যা শ্রেণি নির্বিশেষে বহুমাত্রিক—নিম্নবিত্তের আর্থিক সংকট, মধ্যবিত্তের পারিবারিক বিচ্ছিন্নতা আর উচ্চবিত্তের ভিন্নধর্মী সামাজিক সমস্যা। এ অবস্থায় প্রবীণবান্ধব সমাজ ও অবকাঠামো গড়ে তোলার ওপর জোর দিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
রোববার (৫ অক্টোবর) রাজধানীর ধানমন্ডির ড্যাফোডিল টাওয়ারে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির আয়োজিত ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, প্রবীণদের সমস্যা সব শ্রেণিতেই বিদ্যমান। নিম্নবিত্তরা আর্থিক কষ্টে ভোগেন, মধ্যবিত্তরা প্রায়ই একসঙ্গে থাকতে চান না, আর উচ্চবিত্তদের রয়েছে নিজস্ব ধরনের সামাজিক সমস্যা। বর্তমানে যে বয়স্ক ভাতা দেয়া হয়, তা খুবই সামান্য। সরকারের পক্ষ থেকে বিশেষ সুবিধা বা নীতিগত সহায়তা দিলে তা কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব।
পরিকল্পনা উপদেষ্টা আরো বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নত হওয়ায় মানুষের গড় আয়ু বাড়ছে। এর সঙ্গে বাড়ছে নন-কমিউনেবল ডিজিজ বা অসংক্রামক রোগের প্রকোপ। আধুনিক চিকিৎসার খরচ অনেক বেশি; তাই প্রবীণদের জন্য কম মূল্যে ওষুধ ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করা জরুরি।
শহরগুলো প্রবীণদের জন্য মোটেই উপযোগী নয় উল্লেখ করে তিনি বলেন, অনেক জায়গায় সুস্থ মানুষও চলাচলে ভোগান্তিতে পড়েন। ফলে প্রবীণরা ঘরবন্দী হয়ে যাচ্ছেন। নিজেদের মতো করে ভালোভাবে বেঁচে থাকার চর্চা আমাদের গড়ে তুলতে হবে।










