কুড়িগ্রামে দেশের সর্বনিম্ন তাপমাত্রা গতকাল রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
কৃষি আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক সুবল চন্দ্র সরকার জানান, কুড়িগ্রামের ওপর দিয়ে তিব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় গতকাল জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এ পরিস্থিতি আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলতে পারে।
এ অবস্থায় শীত ও কনকনে ঠাণ্ডায় কাবু হয়ে পড়েছে কুড়িগ্রামের মানুষ। সূর্যের দেখা না মেলায় উত্তরীয় হিমেল হাওয়া বাড়িয়ে দিয়েছে ঠাণ্ডার মাত্রা। এতে ব্যাহত হয়েছে স্বাভাবিক জীবনযাত্রা।
দেশের উত্তরের জনপদ সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রামের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ। এতে হাড় কাঁপানো ঠাণ্ডায় জবুথবু হয়ে পড়েছে জনজীবন। এ অবস্থায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নদ-নদীর তীরবর্তী এলাকার হতদরিদ্র, ছিন্নমূল মানুষ।
দুই সপ্তাহ ধরে শীতের প্রকোপ থাকলেও শনিবার সন্ধ্যা থেকেই এ জেলার তাপমাত্রা একেবারেই নিম্নগামী হয়। এতে গরম কাপড়ের অভাবে দুর্ভোগে পড়েছেন শিশু, বৃদ্ধসহ নিম্ন আয়ের মানুষ।










