জমকালো আয়োজনে ঢাকায় শুরু হয়েছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের চতুর্থ আসর। গতকাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন এমপি। 

টুর্নামেন্টে অংশগ্রহণ করছে ইউরোপ, আফ্রিকা ও এশিয়া- এ তিন মহাদেশের মোট ১২টি দল। ইউরোপ মহাদেশ থেকে পোল্যান্ড, আফ্রিকা মহাদেশ থেকে কেনিয়া ও উগান্ডা এবং এশিয়া মহাদেশ থেকে জাপান, দক্ষিণ কোরিয়া, ইরাক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলংকা ও স্বাগতিক বাংলাদেশ অংশগ্রহণ করছে। এর মধ্যে সবশেষ দুই বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে দক্ষিণ কোরিয়া, জাপান ও থাইল্যান্ড। প্রথমবারের মতো এ টুর্নামেন্টে জাপান, দক্ষিণ কোরিয়া ও উগান্ডা অংশগ্রহণ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং আমন্ত্রিত অতিথিরা। 

গত তিনটি আসর ঢাকার পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও এবার নতুন ভেন্যু হিসেবে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ আসর অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করছে টি-স্পোর্টস।

উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘যেকোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করা খুবই কঠিন। পরপর চার বছর বাংলাদেশ কাবাডি ফেডারেশন বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট আয়োজন করছে, এটা অত্যন্ত প্রশংসনীয়।’