আজ সিলেট কিডনি হাসপাতালের উদ্বোধন হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, গরীব ও দুস্থ কিডনি রোগীদের সেবা করার অনেকগুলো আলোকিত উদ্যোগী প্রাণ আজ মানুষের সেবা করার মন-মানসিকতা নিয়ে কিডনি ফাউন্ডেশন সিলেটে মিলিত হয়েছে।

উপদেষ্টা বলেন, এমন আলোকিত উদ্যোগীদের সম্মিলিত ইচ্ছাশক্তির মাধ্যমে সৃষ্ট এ প্রতিষ্ঠান দরিদ্র মানুষের সেবায় রোলমডেল হয়ে উঠবে। দেশের মানুষকে এ ভালো উদ্যোগের উদাহরণগুলোকে রীতিতে পরিণত করতে হবে। তাহলে সহজেই একটি নতুন বাংলাদেশ তার গন্তব্যে পৌঁছে যাবে।

আজ শনিবার (১১ জানুয়ারি) সিলেট নগরের তেমুখী বাদাঘাট সংলগ্ন নাজিরের গাঁওয়ে নির্মিত কিডনি ফাউন্ডেশন হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উদ্বোধন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক ভিডিও বার্তায় কিডনি ফাউন্ডেশন হাসপাতালের সাফল্য কামনা করেন। যাদের অক্লান্ত পরিশ্রমে ১০তলা ভবনের কিডনি ফাউন্ডেশনের যাত্রা শুরু করল, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এতে বিশেষ অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য দেন কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. হারুন-উর রশিদ, মেজর জেনারেল আজিজুর রহমান বীর উত্তম, ডা. জিয়া উদ্দিন, কিডনি ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক কর্নেল (অব.) এম এ সালাম প্রমুখ।

দায়িত্বের জায়গা থেকে এ অসাধারণ কাজের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে যুক্ত হওয়া একটা বড় পাওয়া উল্লেখ করে শারমীন এস মুরশিদ বলেন, সরকারি ব্যবস্থাপনায় অনেক সীমাবদ্ধতার কারণে ভালো কাজের সঙ্গে সংযুক্ত হতে চাইলেও সহজে হওয়া যায় না। অনেক বাধা-বিপত্তি ও প্রশাসনিক ঘাটতি পেরিয়ে মানুষের সেবায় কিডনি ফাউন্ডেশনের সঙ্গে সম্পৃক্ত হওয়া একটা ভালো দিক।

এখান থেকে শিক্ষা গ্রহণ করতে চাই মন্তব্য করে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, এ মুহূর্তে আমি বলব কয়েকজন অসাধারণ মানুষ তীব্র ইচ্ছার জায়গা থেকে তাদের যার যতটুকু আছে সেটুকুকে শক্তি করে সিলেট কিডনি ফাউন্ডেশনের বাস্তব চিত্রটা তৈরি করতে পেরেছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয় নিবন্ধিত ছিয়াত্তর হাজার প্রতিষ্ঠানকে সুব্যবস্থাপনায় আনা একটা বিশাল চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, একটি প্রতিষ্ঠানকে সুগঠিত করতে হলে কয়েকজন সুগঠিত মানুষ লাগে। সে লক্ষ্যে মন্ত্রণালয়ের কাঠামো ঢেলে সাজানো হচ্ছে।