কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণে প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু হয়েছে। দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট রাত ৯টা ৬ মিনিটে অবতরণ করার মাধ্যমে ফ্লাইট চলাচল শুরু হয়।

শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টা থেকে ফ্লাইট চালু হয়। চার মিনিট পর অবতরণ করে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট। উড্ডয়নের অপেক্ষায় আছে ইউএস-বাংলা, ইন্ডিগোসহ আরও কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগীব সামাদ রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত পদক্ষেপে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন নিজে বিমানবন্দরে অবস্থান করে সমগ্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করে প্রয়োজনীয় সব কার্যক্রম পরিচালনা করছে। ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত কার্যক্রম শুরু করা হবে। অগ্নিকাণ্ডের উৎস শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।