বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মান্ধ নয়। কোনোদিন ছিল না, কোনো দিন হবেও না। এই দেশ একটি ছোট দেশ। এখানে জনসংখ্যা বৃহৎ, পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘনবসতির দেশ হচ্ছে বাংলাদেশ। এ দেশে আমরা পাশাপাশি একজন আরেকজনের কাঁধে হাত রেখে বসবাস করি। এখানে কে কোন জাতি, ধর্ম-বর্ণ সেটা আমরা কখনো বিবেচনা করি নাই। আমরা কখনো বিবেচনা করব না। আমরা মানুষে মানুষের ভালোবাসায় বিশ্বাস করি। আমরা রাসূলের নির্দেশ অনুসরণ করি। আমরা যার যার ধর্ম নিয়ে শান্তিতে বসবাস করি।

শুক্রবার (১৪ মার্চ) নরসিংদীর পলাশ উপজেলার আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে পলাশ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা বিদেশীদের কাছে বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে দেখাতে চেয়েছিল। তারা টেরোরিস্ট হিসেবে পশ্চিমা বিশ্বের কাছে তুলে ধরতে চেয়েছিল। আমি বলেছিলাম এই ট্যাবলেট আর পশ্চিমা বিশ্বকে খাওয়াতে পারবে না। সে জুজুর ভয় দেখিয়ে, আইএসের ভয় দেখিয়ে ও হরকাতুল জিহাদের ভয় দেখিয়ে বিদেশী শক্তিকে আওয়ামী লীগ এবার বিভ্রান্ত করতে পারবে না এবং আপনারা দেখেছেন তারা বিভ্রান্ত হয় নাই।

এ সময় পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ সাত্তারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, সহসভাপতি আওলাদ হোসেন জনি, অ্যাডভোকেট কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু প্রমুখ।