সীমানা জটিলতায় যশোরের বেনাপোল স্থলবন্দরে নির্মাণাধীন ট্রাক টার্মিনালের একাংশের কাজ বন্ধ রয়েছে। বিএসএফের পক্ষ থেকে সীমান্তের দেড়শ গজের মধ্যে স্থাপনা নির্মাণের অভিযোগ তোলায় আপাতত কাজটি বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তবে টানা ১১ দিন নির্মাণকাজ বন্ধ থাকলেও বিষয়টি সমাধান হয়নি।

সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি সরকারের শীর্ষ পর্যায়ে জানানো হয়েছে। বন্ধ থাকায় যথাসময়ে নির্মাণ শেষ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এ ঘটনায় সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি সমাধানে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনা হওয়া দরকার।

এ ব্যাপারে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (যুগ্ম সচিব) জিল্লুর রহমান চৌধুরী বলেন, ‘দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে।’

২৮৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে ট্রাক টার্মিনালটি। যেখানে একসঙ্গে রাখা যাবে ১ হাজার ২০০ পণ্যবাহী ট্রাক। এছাড়া বাস ও যাত্রী টার্মিনাল নির্মাণকাজ শেষ হয়েছে আগেই। ট্রাক টার্মিনালটি ভারত সীমান্তঘেঁষা হওয়ায় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারির আওতায় আনা হবে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম বলেন, ‘চলতি বছর জুনে টার্মিনালটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। কাজ শেষ হলে ভারত থেকে প্রতিদিন যেসব ট্রাক বন্দরে প্রবেশ করবে, সেগুলো ওই টার্মিনালে দাঁড়াতে পারবে। এতে করে বন্দরে পণ্য ও যানজট আর থাকবে না। খুব সহজেই কার্গো ট্রাক থেকে পণ্য খালাসের কাজ করতে পারবেন বন্দরসংশ্লিষ্টরা কিন্তু সীমান্তের ১৬ একর জমির ওপর নির্মাণাধীন টার্মিনালের কাজ বিএসএফের বাধায় বন্ধ রয়েছে।’ এ বিষয়ে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, বিএসএফের পক্ষ থেকে কাজ বন্ধের কথা তারা শুনেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বন্দর কর্তৃপক্ষ এবং বিএসএফের সঙ্গে আলোচনার মাধ্যমে ফলপ্রসূ একটা সমাধান হবে। শিগগিরই টার্মিনালের কাজ শুরু হবে বলে তিনি জানান।