নিয়োগবিধি সংশোধন, ইনসার্ভিস ট্রেনিং ও ১৪তম গ্রেডে আপগ্রেডেশনসহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে দিনাজপুরের হিলিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা।

কর্মবিরতির অংশ হিসেবে ইপিআই টিকাদান কেন্দ্র ও আসন্ন টিভিসি টিকাদান ক্যাম্পেইনসহ সকল কর্মকাণ্ড বন্ধ রেখেছেন স্বাস্থ্য সহকারীরা। এ কর্মবিরতির আয়োজন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন হাকিমপুর উপজেলা শাখা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলেও জানিয়েছেন বিক্ষোভকারীরা।

এদিকে কর্মবিরতির কারণে অনেক অভিভাবক তাদের শিশুদের টিকা দিতে গিয়ে ফিরে এসেছেন। জনদুর্ভোগ এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বসে বিষয়টি সমাধানের আহ্বান জানিয়েছেন অভিভাবকরা।