ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ফকিরহাট আবু বক্কর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকালের এ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় সাত শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছ। এসএসসি পরীক্ষার্থীদের হাতেও উপহার হিসেবে তুলে দেয়া হয় গাছের চারা। ব্যতিক্রমী এ উদ্যোগে শিক্ষার্থীদের পাশাপাশি খুশি অভিভাবকও। 

আয়োজকরা বলছেন, গতানুগতিক প্লেট, বাটি, গ্লাস, জগ পুরস্কার দেয়া থেকে বেরিয়ে এসে ভিন্ন কিছু করতে চেয়েছেন তারা। এক্ষেত্রে প্রাণ-প্রকৃতি-পরিবেশের সুরক্ষা বিবেচনায় পুরস্কার বা উপহার হিসেবে গাছের চারা একটি চমৎকার বিকল্প। 

গতকাল দুপুরে বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। তিনি বলেন, ‘অভিভাবক আন্তরিক হলে সন্তানরা ভালো শিক্ষার্থী হিসেবে গড়ে উঠবে। শহরের বেশির ভাগ অভিভাবক স্কুল শুরু ও শেষ হওয়ার সময় তাদের সন্তানকে সময় দিচ্ছেন। গ্রামের অভিভাবক সে রকম সময় দেন না। বর্তমান সরকার শিক্ষা নীতিকে ঢেলে সাজিয়েছে। শিক্ষকের পাশাপাশি অভিভাবকেরও পড়ালেখার বিষয়ে খোঁজ রাখতে হবে। খেয়াল রাখতে হবে, সন্তান ঠিক সময় স্কুলে যাচ্ছে কিনা, সময়মতো বাড়ি ফিরছে কিনা।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রতিটি শিক্ষার্থীকে মনে রাখতে হবে আগামীর স্মার্ট বাংলাদেশ তোমাদের জন্য অপেক্ষা করছে। সেজন্য তোমাদের প্রস্তুতি নিতে হবে। নিজেদের উন্নত বাংলাদেশের অংশীদার করে নিতে হবে। তাহলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন হবে। প্রতিটি বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা হয়েছে। এখন আর শ্রেণীকক্ষের জন্য কষ্ট করতে হয় না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ বাংলাদেশকে আরো এগিয়ে নিতে যেতে হবে ছাত্রছাত্রীকে। ২০৪১ সালের বাংলাদেশের হাল ধরবে আজকের শিক্ষার্থীরা। জাতির জনকের স্বপ্নের বাংলাদেশ গড়তে সঠিক সময়ে নিজেকে প্রস্তুত হতে হবে।’ 

স্কুল পরিচালনা কমিটির সভাপতি শেখ আবদুর শুক্কুর মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্যাহ খোন্দকার, বালিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার, কালীদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিম, ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার আহমদ মুন্সী, প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর চৌধুরী। বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ওমর ফারুক, পরিচালনা পর্ষদের দাতা সদস্য শেখ সেলিম, ছানা উল্লাহ ফয়সাল প্রমুখ।