ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের চূড়ান্ত প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সভায় বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সূত্রে জানা গেছে, এ সভায় নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হবে। তবে প্রথা অনুযায়ী, তফসিল ঘোষণার আগে ইসি রাষ্ট্রপতিকে সার্বিক প্রস্তুতি নিয়ে অবহিত করবে। এ লক্ষ্যে ১০ ডিসেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি ও কমিশনাররা। এর পরই ১১ তারিখে তফসিল ঘোষণা করা হবে বলে ইসির একাধিক সূত্রে জানা গেছে।

আজ সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন।

সভায় তফসিলের পাশাপাশি অন্তত ১০টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। এর মধ্যে রয়েছে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতির সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা, তফসিল ঘোষণার আগে ও পরে করণীয় নির্ধারণ, পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা, মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয়, মতবিনিময় কার্যক্রম ও গণভোট আয়োজনের প্রস্তুতি এবং লজিস্টিক পরিকল্পনা।

এরই মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সভা সম্পন্ন করেছে ইসি। ইসি সূত্রে জানা গেছে, কমিশনের একটি প্রতিনিধি দল আগামী ১০ ডিসেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে। ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করা হতে পারে। তফসিল অনুযায়ী ৮-১২ ফেব্রুয়ারির মধ্যে যেকোনো একদিন ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে।

তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের নাম প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে। নির্বাচন সামনে রেখে ডিসি, ইউএনও, এসপি ও ওসিসহ মাঠ প্রশাসনে ব্যাপক রদবদল আনা হয়েছে। ডিসি, ইউএনও, এসপি ও ওসিদের মধ্যে অনেককে বদলি করা হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, এসব পরিবর্তনের মাধ্যমে নিরপেক্ষতা ও প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করতে চায় ইসি। এ বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘আইন-বিধি-নীতিমালায় নানা ধরনের সংস্কার হয়েছে এবার। আইন-বিধি অনুসরণে শতভাগ পালনে ইসির শক্ত অবস্থান থাকবে এবং সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হবে। প্রার্থী, রাজনৈতিক দল, ভোটারসহ সব অংশীজনের সহযোগিতা কামনা করছি। নির্বাচন যেন অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হয়, সে লক্ষ্যে কমিশন কাজ করছে।’