ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন সুরু মিয়া সরকারি বনায়নের গাছ বিক্রি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চল্লিশকাহনিয়া বেড়িবাঁধ এলাকায় এ গাছ কাটার ঘটনা ঘটে। বন বিভাগের কর্মীরা ঘটনাস্থল থেকে দুটি কাটা গাছ জব্দ করেছেন।
উপজেলার নিজামিয়া এলাকার মৃত আবদুল ওয়াহেদের ছেলে গাছ ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন বলেন, ছয়-সাত মাস আগে সুরু চেয়ারম্যানের কাছ থেকে আমি বেড়িবাঁধের ১০টি গাছ ক্রয় করেছি। দুটি গাছ কেটে নেয়ার পর আমি অসুস্থ থাকায় বাকিগুলো কাটতে পারিনি। শুক্রবার এসে গাছগুলো কাটা শুরু করি। শনিবার সকালে স্থানীয়রা এসে আমাকে জানান, এগুলো সরকারি গাছ। তারপর আমি কাটা গাছ ফেলে রেখে চলে যাই ও চেয়ারম্যানকে জানাই।
রাজাপুর উপজেলা বন বিভাগ সরকারি গাছ বিক্রির বিষয়টি নিশ্চিত করেছে। উপজেলা বন কর্মকর্তা মো. আলমগীর হোসেন খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি কাটা গাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
অভিযুক্ত চেয়ারম্যান শাহাব উদ্দিন সুরু মিয়া গাছের মালিক দাবি করে বলেন, জায়গাও আমার, গাছও আমার। কর্তন করা আকাশমনি গাছ আমি রোপণ করেছিলাম।









