প্রতিবেশী ভারতে ইলিশ রফতানির শেষ দিনে গতকাল শনিবার রাত ১০টা পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে ১১ ট্রাকে ৩৬ হাজার কেজি ইলিশ রফতানি হয়েছে। এ নিয়ে গত ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত বেনাপোল দিয়ে পাঁচ লাখ ৩২ হাজার কেজি ইলিশ রফতানি হয়েছে।

বেনাপোল সূত্রে জানা গেছে, বেনাপোল বন্দর দিয়ে সর্বমোট ২০ রফতানিকারক প্রতিষ্ঠান ১৬৮ ট্রাকে ভারতে ইলিশ রফতানি করে। প্রতি কেজি ইলিশ রফতানি হয়েছে ১০ ডলারে। বাংলাদেশী টাকায় প্রায় এক হাজার ১৮০। মোট ডলার এসেছে ৫৩ লাখ ২০ হাজার। বাংলাদেশী টাকায় ৬২ কোটি ৭৭ লাখ ৬০ হাজার।

গতকাল শনিবার বেনাপোল মাছ বাজারে এক কেজির কম ওজনের ইলিশ বিক্রি হয়েছে এক হাজার ৩০০ টাকায়। এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার ৮০০ টাকা থেকে দুই হাজার টাকায়। একই ওজনের ইলিশ প্রায় ৬০০-৮০০ টাকা কমে ভারতে রফতানি হচ্ছে।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, 'শনিবার রাত ১০টা পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে ১১ ট্রাকে ৩৬ হাজার কেজি ইলিশ রফতানি হয়েছে। বেনাপোল বন্দর দিয়ে ১১ দিনে রফতানি হয়েছে পাঁচ লাখ ৩২ হাজার কেজি ইলিশ।'