চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের একটি পুকুরের কচুরিপানার নিচ থেকে আলমগীর হোসেন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করা হয়। আলমগীর হোসেন একই গ্রামের কাতব আলী বিশ্বাসের ছেলে। প্রায় দুই মাস ধরে নিখোঁজ ছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলমগীর হোসেন ১০ অক্টোবর বিকালে গ্রাম থেকে নিখোঁজ হন। সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে ২১ অক্টোবর আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা। গতকাল সকালে কিছু লোকজন পুকুর শুকিয়ে মাছ ধরতে গিয়ে কচুরিপানা সরালে সেখানে প্যান্ট-শার্ট পরিহিত গলিত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির সেখানে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবীর বলেন, মরদেহটি একেবারেই গলে গেছে, তা দেখে চেনার উপায় নেই। তার পরও খাদিমপুর গ্রামের কাতব আলী বিশ্বাস লাশের পরনের প্যান্ট-শার্ট দেখে নিশ্চিত করেছেন মরদেহ তার ছেলে আলমগীর হোসেনের। তার পরও আমরা নিশ্চিত হওয়ার জন্য মরদেহের ডিএনএ টেস্টসহ প্রয়োজনীয় ব্যবস্থা করছি। এছাড়া মরদেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।










