বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহতের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে জেলার দুপচাঁচিয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল আলিম খান (৪৬) ও ধুনট উপজেলার গাসাইবাড়ী সড়কের চান্দারপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় বুলি খাতুন (৪০) নামে এক অটো ভ্যানের যাত্রী নিহত হন।
বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে নিহত আব্দুল আলিম খান উপজেলার সিও বাসস্ট্যান্ড এলাকা থেকে মোটরসাইকেলে করে মেইল বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা লাগলে ছিটকে পড়ে গিয়ে তিনি আহত হন। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আব্দুল আলিম খান মারা যান।
বগুড়ার দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তি আদমদিঘি যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
অন্যদিকে, বগুড়ার ধুনট উপজেলায় ট্রাকের ধাক্কায় বুলি খাতুন নামে এক অটো ভ্যানের যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ যাত্রী। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ধুনট গোসাইবাড়ী সড়কের চান্দারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, কাজিপুরের হরিনাথপুর এলাকা থেকে ছয় জন মহিলা সরকারি ওএমএস-এর চাল ও আটা কেনার জন্য অটো ভ্যানে করে ধুনট শহরের দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে চান্দারপাড়া এলাকায় একটি ট্রাক ওই ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বুলি খাতুন নামে এক নারীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত ৫ নারী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে দুর্ঘটনার পরপরই ঘাটক ট্রাকটি পালিয়ে গেছে।










