পরিবেশবান্ধব প্রযুক্তি, দক্ষ জনবল ও সরকারি-বেসরকারি খাতের যৌথ উদ্যোগ চামড়া শিল্পের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেছেন, এই খাত থেকে ২০৩০ সালের মধ্যে ৩৫ থেকে ৪০ লাখ মানুষের কর্মসংস্থান ও সাড়ে ১২ বিলিয়ন ডলার মূল্যের পণ্য উৎপাদন ও রফতানির সুযোগ রয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত তিন দিনব্যাপী ৯ম বাংলাদেশ লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপো-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, চামড়া শিল্প বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রফতানিমুখী খাত। জাতীয় অর্থনীতিতে এ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। চামড়া, ফুটওয়্যার ও চামড়াজাত পণ্যে রয়েছে বড় পরিসরে মূল্য সংযোজনের সুযোগ। এতে ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিংকেজ শিল্প গড়ে তোলারও ভালো সম্ভাবনা আছে।
বক্তব্যের শুরুতে আদিলুর রহমান খান মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
তিনি বলেন, এ মেলা উদ্যোক্তা, রফতানিকারক ও বিদেশী ক্রেতাদের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি করবে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ ও রফতানি আয় বাড়বে।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব বেবী রাণী কর্মকার, অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মো. মিজানুর রহমান ও মোহাম্মদ আলী বাপ্পী।
বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম চামড়া শিল্প উন্নয়নে বিসিকের নেয়া কার্যক্রম তুলে ধরেন।
মেলায় অংশ নিয়েছে ১৪টি দেশের বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠান। ১৪৮টি স্টলে প্রদর্শিত হচ্ছে আধুনিক ট্যানিং ও ফিনিশিং মেশিন, চামড়া, চামড়াজাত পণ্য, যন্ত্রাংশ ও ট্যানারির আধুনিক প্রযুক্তি। এক্সপোটি চলবে ২৪ থেকে ২৬ জুলাই পর্যন্ত।










