কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা পাঁচ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা।
আজ মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৯টা থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ শুরু হয়।
ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলোর মধ্যে রয়েছে— এমবিবিএস ও বিডিএস ব্যতীত কেউ ডাক্তার উপাধি ব্যবহার করতে পারবে না, ওটিসি (ওভার দ্য কাউন্টার) ওষুধের তালিকা হালনাগাদ করা, স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসন, ম্যাটস ও নিম্নমানের মেডিকেল কলেজ বন্ধ করা এবং চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন।
ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন, দাবি আদায় না হলে তারা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে বিপাকে পড়েছেন সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। ইসলাম নামের এক ব্যক্তি বলেন, অনেকদিন ধরে স্ত্রী অসুস্থ। টাকার অভাবে বেসরকারি হাসপাতালে ডাক্তার দেখাতে পারি না। আজ মেডিকেলে এসে দেখি ডাক্তাররা ধর্মঘট করছেন। এখন বিপাকে পড়েছি।










