ইমাম প্রশিক্ষণ একাডেমির ব্যবস্থাপনায় ময়মনসিংহ নগরীর আকুয়ায় ইসলামী ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ে গত ২৮ ফেব্রুয়ারি জেলার ৫০ ইমামদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধান অতিথি ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু।
অনুষ্ঠানে টিটু বলেছেন, পবিত্র আল-কোরআন ও সুন্নাহর প্রত্যেক বাণীতে মানবকল্যাণ নিহিত। ইসলামের পথপ্রদর্শক দক্ষ ইমাম তৈরি এবং ইসলাম প্রচারের লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন সৃষ্টি করেছেন। জঙ্গিবাদ, দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন এবং যৌতুক, গুজব প্রতিরোধ, দারিদ্র্য দূরীকরণ এবং মানবসম্পদ উন্নয়নের বিষয়টি তুলে ধরার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত এলাকা গড়তে ইমামদের গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন মেয়র টিটু।
মেয়র টিটু আরো বলেন, এত বেশি সংখ্যক মডেল মসজিদ সরকারিভাবে নির্মাণ করার ইতিহাস বিশ্বে বিরল। যে নজির সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাভাইরাস থেকে রক্ষা পেতে বিশ্বে সর্বাগ্রে টিকা নিয়ে এসেছেন তিনি। করোনার টিকা সম্পর্কেও কোনো অপপ্রচার থাকলে তার বিরুদ্ধে অবস্থান নেয়াসহ টিকা নিতে মানুষকে উৎসাহিত করার জন্যেও ইমামদের প্রতি আহ্বান জানান।









