ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ছুটিতে রাজধানী ঢাকার বায়ুর মানে কিছুটা উন্নতি দেখা গেছে। বৃষ্টির কারণে গতকালের মতো না হলেও আজ এ শহরের বাতাসের মান বছরের বাকি সময়ের তুলনায় ভালোর দিকেই।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টার দিকে ১৫৩ একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার চতুর্থ অবস্থানে ছিল ঢাকা। বায়ুমানের এ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।

এদিকে একই সময়ে ১৬৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে নেপালের কাঠমান্ডু। ১৫৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশরের কায়রো, ১৫৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীনের হ্যাংজু এবং ১৫২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।