অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) সাবেক ভারপ্রাপ্ত মেয়র এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুর রহমান কিরণকে আটক করেছে বিজিবি। সোমবার (১৮ নভেম্বর) রাতে যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরে মঙ্গলবার দুপুরে তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির আব্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অভিযান চালিয়ে কিরণকে আটক করেছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে শিকারপুর বিওপির টহলদল বেতনা এলাকা থেকে কিরণকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে কিরণ জানান, তিনি স্থানীয় রামচন্দ্রপুর গ্রামের মানব পাচারকারী নূর নবীর সঙ্গে ১ লাখ টাকার বিনিময়ে ভারতে যাওয়ার চুক্তি করেছিলেন। সীমান্ত পার হওয়ার প্রস্তুতিকালে তাকে আটক করা হয়।
বিজিবি কিরণকে শার্শা থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি মো. আমির আব্বাস।
এছাড়াও কিরণের বিরুদ্ধে গাজীপুর মহানগরের বিভিন্ন থানা এবং ঢাকার উত্তরা থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ছাত্র আন্দোলনের সময় গুলি ও হত্যার অভিযোগে মামলা উল্লেখযোগ্য।
আসাদুর রহমান কিরণ গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি ২০২১ সালে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বরখাস্ত হওয়ার পর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পান। এর আগেও তিনি ২০১৩ সালে প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং প্রায় আড়াই বছর ভারপ্রাপ্ত মেয়র ছিলেন।










