বগুড়ার কাহালু উপজেলায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত মৎস্য ব্যবসায়ী সেকেন্দার আলী (৫৫) ঢাকা হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায়
গতকাল সকালে মারা গেছেন। গত ২ মার্চ রাতে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে জখম করে। নিহত সেকেন্দার কাহালু সদর ইউনিয়নের জয়তুল গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে। এদিকে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে চারটি বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ক্ষুব্ধ গ্রামবাসী।
জানা যায়, বগুড়ার কাহালু উপজেলার শাপলা মৎস্য খামারের স্বত্বাধিকারী সেকেন্দার তার নিজ গ্রামের বাসিন্দাদের ভোটে নির্বাচিত গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ছিলেন। গত ২ মার্চ জয়তুল গ্রামে মোস্তফা নামের এক ব্যক্তি মারা যান। মারা যাওয়ার পর স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজায় অংশ নিতে যান সেকেন্দার আলী। রাত ৮টার দিকে জানাজার আগ মুহূর্তে ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি রাকিব হোসেনের নেতৃত্বে প্রায় ১০ জনের সশস্ত্র যুবক সেকেন্দারের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। যুবকরা সেকেন্দারকে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হার্ট ফাউন্ডেশনে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ১০টায় সেকেন্দার মারা যান। মৃত্যুর খবর গ্রামে পৌঁছলে বিক্ষুব্ধ গ্রামবাসী রাকিব, তার বাবা ফজলু ও চাচা নজরুল ইসলামসহ চারজনের বসতঘরে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।










