করোনায় গ্রামগঞ্জে মৃত্যুহার বেড়ে যাওয়ায় আগামী ডিসেম্বরের মধ্যে গ্রামাঞ্চলের মানুষদের বেশি টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা গ্রামগঞ্জে বেশি টিকা দেয়ার পরিকল্পনা করেছি। কারণ গ্রামের লোকেরা টিকা কম পেয়েছে। এ কারণে গ্রামে মৃত্যুর সংখ্যা বেড়েছে এবং পঞ্চাশোর্ধ্ব লোকের মৃত্যুহার প্রায় ৯০ শতাংশ। আমরা তাদের আগে টিকা দেবো। অন্যদের ধৈর্য্য ধরতে হবে। আগে মুরুব্বীদের টিকা দিতে হবে। তাদেরকে সুরক্ষিত করতে হবে।পর্যায়ক্রমে অন্যদের টিকা দেয়া হবে।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন,বাংলাদেশের প্রতিটি মানুষকে টিকা দিতে প্রধানমন্ত্রী ব্যবস্থা করে রেখেছেন।

শোক সভায় জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কৌরাইশী সুমনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমূর রহমান দূর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজেদুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।