ভারত থেকে পণ্যবোঝাই ট্রাক নিয়ে প্রথমবারের মতো বেনাপোলে এসেছেন নারী চালক অর্ণাপূর্ণা রাজকুমার। দেশটির অন্ধ্র প্রদেশ থেকে ২১৩ রোল নিট ফ্যাব্রিক পণ্য নিয়ে গতকাল সকালে বন্দরে প্রবেশ করেন তিনি।
বন্দর সূত্র জানায়, আমদানি-রফতানি পণ্য নিয়ে কোনো নারী ট্রাকচালক এই প্রথম বাংলাদেশে এলেন। তাকে দেখতে বন্দরে লোকজন ভিড় করেন।
এ বিষয়ে অর্ণাপূর্ণা বলেন, ‘আমার স্বামীও ট্রাকচালক। দুজন এক ট্রাকে কাজ করি। আমার স্বামীও আমার সঙ্গে এসেছেন। ট্রাক চালিয়ে বাংলাদেশে আসতে পেরে ভালো লাগছে।’
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, এই প্রথম ট্রাক চালিয়ে ভারত থেকে কোনো নারী চালক বেনাপোলে এসেছেন। পণ্যবাহী ট্রাকটির পণ্য অগ্রাধিকার ভিত্তিতে খালাস করার ব্যবস্থা করা হচ্ছে। কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষও আন্তরিক বলে জানান তিনি।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম জানান, নারী চালকের সঙ্গে একজন পুরুষও এসেছেন। তার নাম রাজকুমার। তারা স্বামী-স্ত্রী। তাদের ট্রাক থেকে পণ্য দ্রুত খালাসের নির্দেশনা দেয়া হয়েছে।










