বগুড়ায় ট্রাক চাপায় গার্মেন্টস কর্মী দুই চাচাতো বোনসহ তিনজন নিহত হয়েছেন। জেলার শেরপুর উপজেলার ভবানীপুর এলাকায় দুই বোন ও জেলার সারিয়াকান্দিতে এক যুবক পৃথক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

নিহতরা হলেন, গাইবান্ধা উপজেলার দক্ষিণ গ্রিদারী গ্রামের নজরুল ইসলামে মেয়ে ও মোটরসাইকেল চালক রাকিবুল ইসলামের স্ত্রী নূপুর আক্তার (২২) একই এলাকার আব্দুর রশিদের মেয়ে রুনা আক্তার (১৮)। এতে মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম আহত হয়েছেন। এরা তিনজনই গাজীপুরের একটি গার্মেন্টসে চাকরি করেন।

বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল ইসলাম জানান, রাতে নূপুর আক্তারের মা মারা যান। খবর পেয়ে রোববার (১৩ অক্টোবর) ভোরে মোটরসাইকেল নিয়ে গাজীপুর এলাকা থেকে নূপুর আক্তার তার স্বামী রাকিবুল ইসলাম ও চাচাতো বোন রুনা আক্তার রওয়ানা হন। শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের অমেরা গ্যাস পাম্পের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি রাস্তার ওপর পড়ে যায়। এ সময় পেছনে থাকা অজ্ঞাত একটি ট্রাকের চাকার নিচে গিয়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নূপুর আক্তার ও রুনা আক্তার নিহত হন। এতে চালক রাকিবুল ইসলাম গুরুতর আহত হন।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস কর্মীরা আহতকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং নিহতদের পুলিশের নিকট হস্তান্তর করেন। ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহপরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এদিকে বগুড়া সারিয়াকান্দি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন সরকারের ছেলে নিরব সরকার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিরঞ্জন সরকার উপজেলার সদর ইউনিয়নের চান্দিনা নোয়ারপাড়া গ্রামের নারায়ণ চন্দ্র সরকারের ছেলে। নিহত নিরব পাবনা এডওয়ার্ড কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (১২ অক্টোবর) রাত ৮ টায় জেলার সারিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের প্রেম যমুনার ঘাটের মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে। এ সময় নিরব সারিয়াকান্দি কুতুবপুর সড়কে মোটরসাইকেল চালানোর সময় স্লিপ করে সড়কে পড়ে যায়। এ সময় সে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তার শারীরিক অবস্থা গুরুতর বিবেচনায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিরব রাত ১১টার দিকে মারা যায়।