স্বাস্থ্যবিধি মেনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা শুরু হয়েছে।
অক্টোবরের শুরুতে স্নাতক শ্রেণীর শেষ বর্ষের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে।
শিগগিরই পরীক্ষার সূচিও ঘোষণা করা হবে।
এজন্য শিক্ষার্থীদের পরীক্ষার সর্বশেষ প্রস্তুতি নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
গতকাল যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত স্নাতকোত্তর শ্রেণীর সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেয়া হয়।
স্নাতকোত্তর শ্রেণীর পরীক্ষা শুরু হলে সংশ্লিষ্ট ডিন, চেয়ারম্যানদের নিয়ে পরীক্ষার হল পরিদর্শনে যান যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
তিনি বলেন, সেশন জট দূরীকরণ ও দেশের দক্ষ জনশক্তি জোগানের জন্য ঝুঁকি থাকলেও কঠোর স্বাস্থ্যবিধি মেনে স্নাতকোত্তর শ্রেণীর পরীক্ষা শুরু হয়েছে।
আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে স্নাতক শ্রেণীর শেষ বর্ষের পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নেয়া হচ্ছে।
পরীক্ষার সময় যেসব শিক্ষার্থীর বাইরে থাকার সার্মথ্য নেই, তাদের কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে হলে থাকার সুযোগ দেয়া হচ্ছে।
আমাদের লক্ষ্য আগামী ডিসেম্বরের মধ্যে সব বর্ষের পরীক্ষা শেষ করা।
তবে কোনো শিক্ষার্থী যেন ঝরে না পড়ে, এজন্য অনলাইন ও শারীরিক উপস্থিতিতে দুই ধরনের শিক্ষাব্যবস্থা বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা চালু রাখা হবে।
যবিপ্রবির পরীক্ষা নিয়ন্ত্রক অফিস জানায়, যেসব বিভাগে স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, তার প্রায় প্রতিটি বিভাগে পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছে।
প্রথম দিন পাঁচটি বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পর্যায়ক্রমে স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী থাকা সব বিভাগেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শহীদ মসিয়ূর রহমান হল ও শেখ হাসিনা ছাত্রী হল কর্তৃপক্ষ জানায়, করোনা পরীক্ষার পর হলে স্বাস্থ্যবিধি মেনে একজন শিক্ষার্থীকে একটি কক্ষে রাখা হয়েছে।
হলের মধ্যেই শিক্ষার্থীদের খাওয়া-দাওয়ার সব ব্যবস্থা আছে।
পরীক্ষা চলাকালীন হলে অবস্থানরত শিক্ষার্থীদের একদিন পরপর স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
এদিকে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সব চিকিৎসক, নার্স ও মেডিকেল স্টাফদের ছুটিও বাতিল করা হয়েছে।










