বাংলা একাডেমির আয়োজনে আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি। চলবে ১৫ মার্চ পর্যন্ত। গতকাল বিকালে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণসংক্রান্ত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। একাডেমির ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ বাংলা একাডেমির পরিচালক, প্রকাশক প্রতিনিধি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।

সভায় সর্বসম্মতিক্রমে অমর একুশে বইমেলা উদ্বোধনের সময় ২০ ফেব্রুয়ারি বেলা ১১টা নির্ধারণ করা হয়। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

জাতীয় সংসদ নির্বাচনের কারণে পিছিয়ে যাওয়া অমর একুশে বইমেলা এর আগে চলতি বছরের ১৭ ডিসেম্বর শুরু হয়ে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত আয়োজনের ঘোষণা করা হয়েছিল। পরে গত ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে সিদ্ধান্ত নেয়। এছাড়া ফেব্রুয়ারিতেই বইমেলা আয়োজনের দাবি জানিয়ে আসছিলেন লেখক, কবি, প্রকাশক ও সাংস্কৃতিক কর্মীরা। গত ২ নভেম্বর বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নেতাদের বৈঠকে নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই বইমেলা আয়োজনের সিদ্ধান্ত হয়।