ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি মারা গেছেন। গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত পৌনে ১০টা দিকে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা দেখভালের সঙ্গে যুক্ত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
ইনকিলাব মঞ্চের এ নেতার মৃত্যুতে আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। গতকাল রাত ১১টা ২০ মিনিটে জাতির উদ্দেশে দেয়া ভাষণে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদীকে গুলি করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। এরপর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল। অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেয়া হয়। সেখানেই মারা গেলেন তরুণ বিপ্লবী এ নেতা।
এর আগে বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল, গুলিবিদ্ধ ওসমান হাদীর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
হাদীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফেসবুক পোস্টে লেখা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’ এর আগে বিকাল পৌনে ৪টার দিকে আরেক পোস্টে ওসমান হাদীকে অপারেশনের অনুমতি দেয়া হয়েছে বলে জানানো হয়।
ওই পোস্টে বলা হয়েছিল, ওসমান হাদী জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করার অনুমতি দেয়া হয়েছে। সেজন্য দেশবাসীর কাছে দোয়াও চাওয়া হয়।
জুলাই আন্দোলনের নেতা ওসমান হাদী ভারতীয় আধিপত্যবাদের কঠোর সমালোচক ছিলেন। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর আওয়ামী সরকারের নির্বিচারে হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে সরব থেকেছেন। তিনি আওয়ামী লীগ, ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ এবং শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অন্য নেতাকর্মীদের সাজার দাবিতে সবসময়ই সোচ্চার ছিলেন। তিনি গড়ে তুলেছিলেন ইনকিলাব মঞ্চ। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদী। এজন্য তিনি নিয়মিত প্রচার-প্রচারণাও চালাচ্ছিলেন।
ওসমান হাদী ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার হাঁড়িখালী গ্রামের প্রয়াত মাওলানা আব্দুল হাদীর ছেলে। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। ওসমান হাদীর বাবা আব্দুল হাদী ছিলেন নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ।
শৈশবে ওসমান হাদী তার বাবার কর্মস্থল নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় পড়াশোনা শুরু করেন। পরবর্তী সময়ে তিনি ঝালকাঠির ঐতিহ্যবাহী নেছারাবাদ কামিল মাদ্রাসায় অধ্যয়ন করেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী, প্রখর বক্তা ও যুক্তিবাদী। তিনি ২০১০-১১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। সেখান থেকেই স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন।
শরিফ ওসমান হাদীকে শুরুতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে দেখা যায়নি। পড়ালেখা শেষ করার পর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন।
জুলাই অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চ গঠন করে আলোচনায় আসেন তিনি। ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠার পর জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জুলাই ঘোষণাপত্র ঘোষণার দাবিতে শাহবাগে ধারাবাহিক সমাবেশ আয়োজন করেন তিনি। বিভিন্ন টেলিভিশনের টক শোতেও নিয়মিত দেখা যেত তাকে। প্রথমে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হলেও পরে আহ্বায়কের দায়িত্ব নেন।
অল্প সময়ের মধ্যেই তিনি সাধারণ মানুষের কাছে একটি পরিচিত মুখ হিসেবে আবির্ভূত হন। তার প্রতিষ্ঠিত ইনকিলাব মঞ্চের ঘোষিত লক্ষ্য হলো সব আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠন, যেখানে গণতান্ত্রিক অংশগ্রহণ ও ন্যায়বিচার প্রধান মূল্যবোধ হিসেবে থাকবে।
বরিশালের রহমতপুরে বিয়ে করেছিলেন ওসমান হাদী। তার এক বছরের একটি পুত্র সন্তানও রয়েছে। বৃদ্ধ মা ও পরিবার নিয়ে তিনি রাজধানীর রামপুরায় বসবাস করছিলেন।
হাদীর ওপর গুলিবর্ষণকারী হিসেবে ফয়সাল করিমকে চিহ্নিত করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার সহযোগী আলমগীর শেখ মোটরসাইকেলের চালক ছিলেন বলে তথ্য পেয়েছে পুলিশ ও র্যাব। এ দুজন গুলি করার পর ভারতে পালিয়ে গেছেন বলে বিভিন্ন সূত্রে গণমাধ্যমে খবর এসেছে।
ঘটনার পর গত মঙ্গলবার ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ হাউজিংয়ে অভিযান চালিয়ে র্যাব ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির ও মা মোসা. হাসি বেগমকে গ্রেফতার করে।
হাদীর ওপর হামলার ঘটনায় র্যাব ও পুলিশ এখন পর্যন্ত ১৪ ব্যক্তিকে আটক ও গ্রেফতার করেছে বলে তথ্য পাওয়া গেছে। সবশেষ গত মঙ্গলবার অস্ত্র, গুলিসহ ফয়সালের স্ত্রীর বড় ভাই ওয়াহিদ আহমেদ শিপুর বন্ধু মো. ফয়সাল নামের এক যুবককে গ্রেফতার করা হয়। এছাড়া বিভিন্ন সময় আটক ও গ্রেফতার করা হয় আরো ১৩ জনকে। ফয়সালের বাবা-মা ছাড়া বাকিরা হলেন মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, মো. কবির, আব্দুল হান্নান, মো. হিরণ, মো. রাজ্জাক, ফয়সালের স্ত্রী সাহেদা পারভিন সামিয়া, সামিয়ার বড় ভাই ওয়াহিদ আহমেদ শিপু, ফয়সালের বান্ধবী মারিয়া আক্তার এবং হালুয়াঘাট সীমান্তে মানব পাচারকারী হিসেবে অভিযুক্ত সিমিরন দিও ও সঞ্জয় চিসিম।
তাদের মধ্যে ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে নুরুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। তিনি ফয়সালকে গাড়ি ভাড়া করে দেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
হাদীর মৃত্যুর খবরে রাতে রাজধানীতে শোক মিছিল হয়েছে। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শোক মিছিল বের করেন শিক্ষার্থীরা। খুনিদের বিচার দাবিতে শোক মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। রাত সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।
এদিকে হাদীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রমুখ।
এছাড়া শোক প্রকাশ করেছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এবি পার্টি।










