কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ইয়াবাসহ এক ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত রোববার রাতে উপজেলা পরিষদ চত্বরের পাশে সিয়াম কাউন্টারের সামনে থেকে তাকে আটক করে র্যাব-১১। এ ঘটনায় গতকাল তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গ্রেফতারকৃতের নাম রবিউল করিম। তিনি রৌমারী ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ সদস্য।

র্যাব-১৪-এর (রৌমারী-রাজীবপুর) ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এমএম সবুজ রানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেফতারকৃত ইউপি সদস্যকে দীর্ঘদিন ধরে আমরা পর্যবেক্ষণ করছিলাম। গত রোববার রাতে উপজেলা পরিষদ চত্বরের পাশে সিয়াম কাউন্টারের সামনে থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। তিনি যে জায়গা থেকে বের হয়ে এসেছেন, সেটি মাদকের উৎসস্থল হিসেবে পরিচিত। তার মোটরসাইকেলে ইয়াবা পাওয়া গেছে। তিনি যে ইউপি সদস্য এটা আমরা আটকের আগে জানতাম না।

তিনি আরো জানান, আটক ইউপি সদস্যর বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, ইউপি সদস্যের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্র্রণ আইনে মামলা দিয়ে গতকাল কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।