দুর্নীতি দূর করতে প্রতিষ্ঠানগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর তাগিদ জানালেন বাংলাদেশী বংশদ্ভূত যুক্তরাজ্যের পার্লামেন্ট মেম্বার রূপা হক। একই সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরো জোরদার করতে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) করার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন সতর্ক হতে হবে, আমাদের শুধু একটি খাতের উপরে নির্ভর করে থাকলে চলবে না। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নের লক্ষ্যে উভয় দেশের ব্যবসায়ীদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এ আহ্বান করেন রূপা হক।
ব্রিটিশ সংসদ সদস্য বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি করতে যেকোনো ভাবে একটি এফটিএ প্রয়োজন। শুধু পোশাকশিল্পের ওপর নির্ভর না করে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো খাতে একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে রুপা হক বলেন, আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি দুটি দল দেশকে নিয়ন্ত্রণ করছে। দুই বেগম দেশ চালাচ্ছেন। তরুণরা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছে, এটা কাজে লাগাতে হবে। নতুন বাংলাদেশে এমনটি ভাবা ঠিক হবে না বড় দুই রাজনৈতিক দল ছাড়া অন্যরা কিছু করতে পারবে না। নতুন বাংলাদেশে দক্ষ ও মেধাবী যারা তাদের সুযোগ দিতে হবে। এমন ভাবা ঠিক হবে না বয়সে ছোট বলে তারা কিছুই করতে পারবেন না।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব তুলে ধরে রুপা হক বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে যুক্তরাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে। বিশেষ করে তেল, গ্যাস এবং গমের মতো পণ্যের মূল্যবৃদ্ধি জনজীবনে চরম চাপ ফেলছে। এ সংকট কাটিয়ে উঠতে বাণিজ্যের নতুন পথ খুঁজতে হবে।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরি, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম ও প্রশাসক মো. আনোয়ার হোসেন বক্তব্য দেন।










