ময়মনসিংহের ভালুকায় দুটি ট্রাকের সংর্ঘষে আব্দুর রহমান রবিন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিড স্টোর উত্তর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রবিনের বাড়ি লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার আশারকোটা পাটোয়ারি গ্রামে। তার বাবার নাম রুহুল আমিন খোকা।

ভালুকা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) মো. মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি ট্রাক ভালুকার সিডস্টোর বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বালু বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ওই ট্রাকে থাকা সাতজন শুরুতর আহত হন।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের ট্রাক থেকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিন নামের এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।