সারা দেশে আজ প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়ার কথা থাকলেও চলমান পরিস্থিতির কারণে আপাতত প্রাথমিক বিদ্যালয় খুলছে না। গতকাল বিকাল ৪টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ কথা জানান। তিনি বলেন, ‘প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান কখন খুলবে, তা বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেয়া হবে।’

গত ৩১ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নিং সেন্টারগুলো ৪ আগস্ট (আজ) থেকে শ্রেণী কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চালু হবে।

সব জেলায় চলমান কারফিউয়ের সময়সীমা বিবেচনায় রেখে শিখন-সময় সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।