পটুয়াখালীর কলাপাড়ায় আরএনপিএলের (আরপিসিএল-নরিনকো) ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। শনিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে বারোটার দিকে প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ।

বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বর্তমানে এ কেন্দ্রের উৎপাদিত ১১০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। নানা প্রতিকূলতা কাটিয়ে বিদ্যুৎ সরবরাহ করতে পারায় উচ্ছ্বসিত বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা।

আশরাফ উদ্দিন বলেন, পর্যায়ক্রমে প্রথম ইউনিটের পুরো ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। আগামী মার্চে দ্বিতীয় ইউনিট (৬৬০ মেগাওয়াট) থেকে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরুর লক্ষ্যে কাজ দ্রুত গতিতে চলছে।