সাবেক ছাত্রলীগ নেতাদের নিয়ে মতবিনিময় সভা ডেকে সংবাদ সম্মেলন শুরু
করায় তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (৩১ জুলাই)
সকাল ১১টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পূর্ব নির্ধারিত এ কর্মসূচিতে শতাধিক
সাবেক ছাত্রলীগ নেতা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নেতারা উপস্থিত
হলেও মতবিনিময় সভাটি হয়নি।
ঘটনার সূত্রপাত সকাল সাড়ে ১০টায়। দলের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর
রাজ্জাককে সভাস্থলে দেখে সাবেক ছাত্রলীগ নেতারা চিৎকার দিয়ে ওঠেন। তিনি এখানে কেন?
তার ছেলে কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে সরকারবিরোধী পোস্ট করেছেন? সেটি জানতে
চান সাবেক ছাত্রনেতারা।
দলের আরেক প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক
আ ফ ম বাহাউদ্দীন নাছিম এ সময় উপস্থিত ছিলেন।
এরপর সোয়া ১১টায় সভাস্থলে আসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এসেই গণমাধ্যমের সঙ্গে কথা বলা শুরু করেন তিনি।৷ এ সময় পেছন থেকে সাবেক ছাত্রনেতাদের
অনেকে সাংবাদিকদের উদ্দেশে গালাগাল করেন। ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করেও বলেন, ডাকছেন
আমাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে। আপনি করছেন সংবাদ সম্মেলন। এরই মধ্যে ওবায়দুল কাদের
কিছুক্ষণ কথা বলেন।
নেতাকর্মীদের হট্টগোলে এক পর্যায়ে কথা শেষ না করে তার অফিসে চলে যান
ওবায়দুল কাদের। এতে আরো ক্ষিপ্র হয়ে সাবেক নেতারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে
দলীয় কার্যালয়ের নিচ তলায় জড়ো হয়েও ভুয়া ভুয়া স্লোগান দেন।
বক্তব্যে ওবায়দুল কাদের কোটা আন্দোলনের নামে যারা নারকীয় ধ্বংস চালাচ্ছে,
অভিমান ভুলে সব নেতাকর্মীদের একসঙ্গে প্রতিরোধ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘আওয়ামী
লীগ দেখবে মাঠে কারা থাকে। পার্টি অফিসে বসে থাকতে দেয়া হবে না।’










