চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এনএসআই এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যৌথ অভিযানে সাড়ে ৪ কেজির বেশি পরিমাণের স্বর্ণ জব্দ হয়েছে। আজ শনিবার (১৩ জানুয়ারি) সকালে এক সংক্ষিপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেয়া হয়।

সেখানে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে শারজাহ থেকে চট্টগ্রামে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৫২ ফ্লাইটে এ তল্লাশি চালানো হয়।

ওই সময় পরিত্যক্ত অবস্থায় সিটের নিচে চার কেজি ৫৪০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য তিন কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৩৬০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কাস্টমসের মাধ্যমে জব্দ হওয়ায় উদ্ধার স্বর্ণের মূল্যের পুরোটাই রাজস্ব হিসেবে পাবে বাংলাদেশ সরকার।