ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করেছিলেন। তাই এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবে না। তিনি আরো বলেন, ধর্মপ্রাণ মুসলমানদের জন্য সরকার সারা দেশে মডেল মসজিদ নির্মাণ করছে। তারই ধারাবাহিকতায় বগুড়ায় একটি মডেল মসজিদ নির্মাণ করা হবে।
গতকাল সকাল ১০টায় বগুড়া শহরের ঠেঙ্গামারায় টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্সের সামনে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান প্রস্তাবিত সদর উপজেলা মডেল মসজিদের স্থান ও টিএমএসএসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম। উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মো. মকবুল হোসেন, জেলা প্রশাসক মো. জিয়াউল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান, গণপূর্ত বিভাগের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার ড. আবু নাছের চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্সের চেয়ারম্যান মাওলানা মো. আব্দুর রহমান।










