তৈরি পোশাক শিল্পে সাম্প্রতিক অস্থিরতায় অর্থায়নের অভিযোগ খতিয়ে দেখতে ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে গতকাল এ নির্দেশনা দেয়া হয়। খবর বাসস।

এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্য পর্যালোচনা করে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের এ উদ্যোগ নেয়া হয়েছে। তালিকায় দেশের কয়েকটি শীর্ষ শিল্প গ্রুপের মালিক, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও রাজনৈতিক কর্মীরা রয়েছেন। একই সঙ্গে বিপুলসংখ্যক প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেনের বিবরণও চাওয়া হয়েছে।

ওই কর্মকর্তা জানান, ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবও এ নির্দেশনার আওতায় আসতে পারে। ফলে জব্দ হতে যাওয়া ব্যাংক হিসাবের সংখ্যা ২০৪-এর চেয়ে বেশি হবে।

এনবিআর সূত্র জানায়, সংস্থাটির দুটি গোয়েন্দা ইউনিট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়ে তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব শনাক্ত এবং জব্দ করার অনুরোধ জানিয়েছে। তালিকায় উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন সালমান এফ রহমান, আবদুস সালাম মুর্শেদী, টিপু মুনশি, শাহরিয়ার আলম, নসরুল হামিদ ও তাজুল ইসলাম।

ব্যবসায়ীদের মধ্যে টুসুকা গ্রুপের ফয়জুর রহমান, ওয়েল গ্রুপের আবদুস সালাম, নিপা গ্রুপের খসরু চৌধুরী, স্ট্যান্ডার্ড গ্রুপের মোশাররফ হোসেন ও তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি এসএম মান্নান কচির নাম রয়েছে। তালিকায় তাদের পরিবারের সদস্যদের নামও অন্তর্ভুক্ত রয়েছে।