চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা অভিমুখী আন্তঃনগর ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে আগুনের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে ফৌজদারহাটের বিএমএ গেট এলাকায় ট্রেনটির পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যেই আগুন পাওয়ার কার থেকে পার্শ্ববর্তী একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচে ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। তবে আগুন আরো ভয়াবহ রূপ নেয়ার আগেই যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হওয়ায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনিসুর রহমান।

তিনি জানান, ট্রেনের বিদ্যুৎ সরবরাহকারী বগি বা পাওয়ার কার থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়েছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আনিসুর রহমান আরো জানান, অগ্নিকাণ্ডের ফলে ট্রেনের পাওয়ার কার ও একটি এসি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ক্ষতিগ্রস্ত বগিগুলো সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে।