চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) এপিএম টার্মিনালস বিইভি-এর সঙ্গে ৩০ বছরের কার্যক্রম ও কার্যসম্পাদন-ভিত্তিক বর্ধিত মেয়াদসহ একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মাধ্যমে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কাঠামোর আওতায় লালদিয়া কনটেইনার টার্মিনাল (এলসিটি) ডিজাইন, অর্থায়ন, নির্মাণ ও পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।

পিপিপি অথোরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক স্টেট সেক্রেটারি লিনা গান্ডলোস হ্যানসেন ও ঢাকায় ডেনমার্ক দূতাবাসের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।

সাখাওয়াত হোসেন বলেন, এ বিনিয়োগ দেশে কর্মসংস্থানের ক্ষেত্রে, বিশেষ করে যুব সমাজের জন্য উল্লেখযোগ্য অগ্রগতি বয়ে আনবে। প্রকল্পটি সম্পন্ন হলে, দেশের অনেক তরুণ, বিশেষ করে শিক্ষিত যুবকরা চাকরির সুযোগ পাবে।

রাষ্ট্রদূত ব্রিক্স মোলার বলেন, বাংলাদেশ পুনর্গঠন ও শক্তিশালী হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা ভবিষ্যৎ বিনিয়োগ ও টেকসই সহযোগিতার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করছে।

তিনি বলেন, ডেনমার্কের বৈশ্বিক দক্ষতা, জ্ঞান, অভিজ্ঞতা ও সক্ষমতাকে কাজে লাগানোর মাধ্যমে এ বিনিয়োগ প্রতিশ্রুতি বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সিপিএ (চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ) জানায়, বন্দরের মালিকানা সিপিএর কাছেই থাকবে আর এপিএম টার্মিনালস ও তাদের স্থানীয় যৌথ উদ্যোগ (জেভি) অংশীদার কেবল নির্মাণ, পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে। এর ফলে বাংলাদেশ সরকারের মূলধনী ব্যয়ের চাপ কমবে বলে জানায় সিপিএ।